দ্য হান্ড্রেড প্রতিযোগিতার আগামী আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ–স্পিনার রিশাদ হোসেন। আগামী ১১ ও ১২ মার্চ সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে নিলাম অনুষ্ঠিত হবে। দ্য হান্ড্রেডের নিলামের জন্য মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছিলেন। সেখান থেকে নিলামে জায়গা পেয়েছেন মোস্তাফিজ ও রিশাদ। ড্রাফট থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর মত ক্রিকেটাররা। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ডের তালিকায় আছেন মোস্তাফিজ। রিশাদের ভিত্তি মূল্য ৭৫ হাজার পাউন্ড। ২০২১ সালে দ্য হান্ড্রেড শুরুর পর এখনও অবধি বাংলাদেশের কোন ক্রিকেটার ১শ বলের টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। ২০২৬ সালের নিলামের জন্য ১৮টি দেশ থেকে প্রায় ১ হাজার ক্রিকেটার নিবন্ধন করেছে বলে জানায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হবে।









