দৌলতদিয়া–পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
গতকাল সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা চলছে। প্রাক–প্রস্তুতির কাজও এগিয়ে যাচ্ছে। আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এদিন এক প্রস্তুতিমূলক সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। খবর বিডিনিউজের।
বৈঠকের পর একজন সংবাদিক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দৌলতদিয়া–পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। পরিবহন মন্ত্রী তখন বলেন, হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটা নেওয়া হয়েছে আপনার ওই দ্বিতীয় পদ্মা সেতুটা। তিনটি প্রস্তাব আছে, তার এক নম্বর প্রস্তাব আপনি যেটা বলেছেন ওই রুটে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি, বলব আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। আর ধরেন অন্যান্য প্রাক–প্রস্তুতি চলছে।














