বাংলাদেশ সরকার নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুবাই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাই বিএনপির আহবায়ক মোহাম্মদ রফিকুল আলম (রফিক) এবং সদস্য সচিব মজিবুল হকের (মঞ্জু) নেতৃত্বে অনুষ্ঠিত এ সভায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা কনসাল জেনারেলের মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর করার আহ্বান জানান। পাশাপাশি তারা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ, আমদানি–রপ্তানি ও কার্গো সুবিধা সমপ্রসারণ, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে প্রেরণের ব্যবস্থা নিশ্চিতকরণ এবং কনস্যুলার সেবাকে আরও জনবান্ধব করার দাবি উত্থাপন করেন। এছাড়া পাসপোর্ট নবায়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রবাস ব্যাংকের মাধ্যমে নিম্ন আয়ের শ্রমিকদের জন্য ঋণ গ্রহণের শর্ত সহজ করা, প্রবাসে অবস্থিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, দূতাবাস, কনস্যুলেট, জনতা ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দালাল ও সিন্ডিকেটমুক্ত রাখার বিষয়েও আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুবাই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আমীর আলী, দুবাই সিটি বিএনপির সভাপতি মোহাম্মদ এরশাদ, সদস্য শহিদুল্লাহ (শহীদ), মোস্তফা চৌধুরী, ওসমান গনি (রুমেল), আল ফাক্কাহ ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর, আল আবির বিএনপির সভাপতি হাশেম উদ্দিন, সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ কায়সার, সাধারণ সম্পাদক আরিফ তালুকদার, দুবাই সিটি বিএনপির সহ–সভাপতি নূরুল আলম (নূরু), সিনিয়র যুগ্ম সম্পাদক তারিফ আহম্মেদ মোল্লা (পলাশ) সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












