দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৭ মার্চ, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে দীঘিনালার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারের কাপড় গলির একটি দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে।

খবর পাওয়ার পর দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। পরে খাগড়াছড়ি জেলা সদর থেকে আসা ফায়ার সার্ভিসের আরেকটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, বাজারের কাপড় গলির কোন একটা দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর পর ফায়ার সার্ভিসে ফোন করা হয়। ব্যবসায়ীদের প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ৩টা ৫ মিনিটের দিকে দীঘিনালা ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। সাথে সাথে তারা মুভ করে। আগুন বেড়ে যাওয়া তারা খাগড়াছড়ি স্টেশনে সহায়তা চায়। আমরা ৩টা ১৭ মিনিটে খাগড়াছড়ি সদর থেকে মুভ করি। ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো আমরা নিশ্চিত হতে পারি নাই। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে কিনা তা তদন্ত করে বলতে হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা জানাব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধঋণের ৭০ হাজার টাকাসহ বসতঘর পুড়ে ছাই