‘নিজেকে ছোট ভাববে না, নিজেকে গড়ে তোলো,’ শিশু–কিশোরদের প্রতি এমন আহ্বান রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাহলেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। গতকাল সোমবার নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিনি এ আহ্বান জানান। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এ প্রতিযোগিতার জয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বিকাল ৪টায় বালিকাদের ফাইনাল খেলা মাঠের পাশে বসে দেখেন। এতে রংপুরের কিশোরী ফুটবলাররা রাজশাহীকে ৪–০ গোলে পরাজিত করে শিরোপা লাভ করে। আর এদিন বালকদের ফুটবলে দারুণ লড়াইয়ের পর ময়মনসিংহ অঞ্চলকে ১–০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সিলেট অঞ্চল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে– তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো তোমাদের মধ্য থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভেতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে, তোমাদের ভেতর থেকে এই দেশের একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, তোমাদের ভেতর থেকে এই দেশে একজন ভালো ক্রিকেটার বের হবে, ভালো সুইমার বের হবে, ভালো টেনিস খেলোয়াড় বের হবে। খবর বিডিনিউজের।
সংবাদমাধ্যমের প্রতি শিশু–কিশোরদের এ খেলার সংবাদকে প্রধান শিরোনাম হিসেবে প্রকাশের অনুরোধ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে যে প্রতিযোগিতাটা আপনারা দেখে গেলেন এই প্রতিযোগিতা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। শিশু–কিশোরদের সমস্যার সমাধান এবং বিদ্যালয়ের সমস্যার সমাধানে সরকারের কাজ করার কথা তুলে ধরে তিনি বলেন, তোমাদের এই সরকার কাজ করছে। তোমাদের স্কুলগুলো যাতে ধীরে ধীরে আমরা গড়ে তুলতে পারি। কিন্তু আজকে এই নতুন করে স্পোর্টস ইভেন্টে তোমাদের কাছ থেকে আমি একটি কথা নিতে চাই। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি। এই কাজটি আমরা তখনই করতে পারবো। যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো যারা পুরস্কার পেয়েছো তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো তাহলে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারব।











