তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের উদ্বেগের প্রসঙ্গে চীনের তরফে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে এই সহযোগিতার তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে নয়। তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপও চায় না তারা। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে করা এক প্রশ্নে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই কথা বলেন। খবর বিডিনিউজের।
ব্রিফিংয়ে পিটিআইয়ের সাংবাদিক তিস্তা নিয়ে বাংলাদেশে ও চীনের মধ্যে সমঝোতা হওয়ার বিষয়টি তুলে ধরে প্রশ্ন করেন। তিনি বলেন, তিস্তা নিয়ে চীন ও বাংলাদেশের সহযোগিতা বিষয়ে ভারতের গুরুতর উদ্বেগ রয়েছে, কারণ নদীটি সীমান্তের খুব কাছ দিয়ে প্রবাহিত হয়েছে এবং ভারতের উত্তর–পূর্বাঞ্চলের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। এ ধরনের উদ্বেগকে চীন কীভাবে দেখে? দুই নেতার আলোচনায় এ বিষয়টি উঠেছিল?
জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করতে প্রস্তুত আছে চীন। এক্ষেত্রে অর্থনীতি ও বাণিজ্য, পানি সংরক্ষণ ও জীবিকার মতো ক্ষেত্রে আলোচনা ও সহযোগিতা বাড়াতে চায়। তিনি বলেন, জীবিকার সঙ্গে জড়িত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশ সরকার বেশ গুরুত্ব দিয়ে থাকে। এই প্রকল্পে সহযোগিতা দিতে কী করা যায়, তার জন্য প্রস্তুত আছে চীন।











