তিন ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড

ফিরিঙ্গিবাজারে ২০ হাজার ইয়াবা উদ্ধার মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থেকে ট্রাকে করে ফেনীতে নিয়ে যাওয়ার সময় নগরীর ফিরিঙ্গিবাজার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ৩ ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইয়াছমিন আরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুর রহিম, মো. সোহেল ও মো. জসিম। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় হাজির ছিলেন না। তারা পলাতক। এ জন্য তাদের বিরুদ্ধে সাজা পরোযানা জারি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুর রহমান আজাদীকে বলেন, মাদক আইনের ১৯() এর ৯() ধারায় আব্দুর রহিম ও মো. সোহেলকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আসামি মো. জসিমকে একই আইনের ২১ ধারায় ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে তাকে ২৫ ধারায় ৩ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ২৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় একটি অভিযান চালায়। এ সময় একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকটির ডান পাশের ডালার ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি আব্দুর রহিম ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিল, মো. জসিমের নির্দেশে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালানটি চট্টগ্রাম নগরী হয়ে ফেনীতে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে বিচারক ৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে করার পরিকল্পনা ধরে ইসির প্রস্তুতি
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ওয়াসার পানি সংকট নিরসনে নেদারল্যান্ডের অনুদানে পাইলট প্রকল্প