চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে রবিউল হাসান নামে ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। নগরীর হালিশহর এলাকার বাসিন্দা কিশোরটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে গতকাল সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনে জানানো হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়া পুরো বছরে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এর মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকাল চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন রোগী সরকারি–বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৬৫ জন। চলতি সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে ২ হাজার ১২৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। এর আগে গত আগস্টে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জনের এবং মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন ৫৩৬ জন, মৃত্যু হয় দুজনের। জুনে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন।
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৮ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ২০ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ২ হাজার ৪৮ পুরুষ, ১ হাজার ১৮৭ জন মহিলা এবং ৯৩০ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন।












