ট্রেনের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু, খবর শুনে মারা গেলেন ছোট ভাইও

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশে ট্রেনের ধাক্কায় ন্যাশনাল ব্যাংক হাটহাজারী শাখার সাবেক ম্যানেজার শামসুদ্দিন আহমদ খোকন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই খবর শুনে শোকে কাতর হয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে স্ট্রোক করে মারা গেলেন ছোট ভাইও। ছোট ভাইয়ের নাম শাহাবুদ্দিন আহমদ পিয়ারু (৫৫)। গতকাল দুপুর ২ টার দিকে নগরীর ২ নম্বর গেইট এলাকার রেল বিটে ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন খোকন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যার দিকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন পিয়ারু।

তিনি কিছুদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর বি ব্লক এলাকার আমেনা মঞ্জিলের বাসিন্দা খোকন ও পিয়ারু। জেলার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাস্টার হাবিবুর রহমানের বাড়ির মৃত সাবের আহমেদ চৌধুরীর তিন সন্তানের সবার বড় খোকন। আর সবার ছোটজন হচ্ছেন পিয়ারু। মরহুম সাবের আহমেদও ব্যাংক কর্মকর্তা ছিলেন।

রহমান নগরের বাসিন্দা মো. শরীফ দৈনিক আজাদীকে বলেন, খোকন ন্যাশনাল ব্যাংক থেকে ৩ বছর আগে ভিপি হিসেবে চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তার একজন কন্যা সন্তান রয়েছে।

অন্যদিকে পিয়ারু এলাকায় বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তার ২ জন ছেলে সন্তান রয়েছে। রহমান নগরের স্থানীয় মসজিদ প্রাঙ্গণে গতকাল রাত ১০ টায় দুই ভাইয়ের একইসাথে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানিয়ে তিনি বলেন, পরে নগরীর গরীবুল্লাহ শাহ মসজিদের কবরস্থানে তাদের দাফন করা হয়। খোকন স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদকও ছিলেন।

সমিতির সাধারণ সম্পাদক মুস্তফা নঈম জানান, বড় ভাই খোকনের লাশ হাসপাতাল ও পুলিশের আনুষ্ঠানিকতা শেষে বাসায় নেওয়া হলে তার মৃত্যুর সংবাদে শোকাহত হয়ে ছোট ভাই পেয়ারু অসুস্থ হয়ে পড়েন। পরে তিনিও মারা যান।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ছেলের সামনে ছুরিকাঘাতে নারীকে হত্যা, আটক ৩ নারী
পরবর্তী নিবন্ধ২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর-কলম্বোর মতো হয়ে উঠবে : সংসদে নৌমন্ত্রী