ট্রাক ও কাভার্ডভ্যানে চলতি অর্থবছরে অতিরিক্ত কর আরোপ করা হলে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। গতকাল চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা। ব্যবসা–বাণিজ্য, কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখছে এই সংস্থা। চেম্বারের সদস্য প্রতিষ্ঠান হিসেবে এই সংস্থার যেকোনো যৌক্তিক সমস্যার সমাধানে চেম্বার কাজ করে যাবে।
চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরিবহন সেক্টর। তাই এই সেক্টরে যাতে কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয় সেজন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।
আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, আমদানি–রপ্তানি বাণিজ্যের পণ্য পরিবহনের পাশাপাশি শিশুখাদ্য, ঔষধ শিল্পের কাঁচামাল, জরুরি দুর্যোগ পরিস্থিতিতে সরকারি ত্রাণ পরিবহন করে থাকে এই সেক্টর। ২০১৯ সাল পর্যন্ত এসআরও জারির মাধ্যমে ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রিম আয়কর (এআইটি) নির্ধারণ করা হলেও বিগত কয়েক অর্থবছরে শুধুমাত্র এনবিআরের নির্বাহী আদেশের মাধ্যমে ইচ্ছামতো এআইটি নির্ধারণ করা হচ্ছে। চলতি অর্থবছরে ড্রাম ট্রাক, খোলা ট্রাক, ১২ চাকার গাড়ির ক্ষেত্রে ২৪ হাজারের পরিবর্তে ৩৫ হাজার টাকা, ৫ টনের অধিক ট্রাক–কাভার্ডভ্যান ১৬ হাজারের পরিবর্তে ৩০ হাজার, ১.৫ টনের অধিক ট্রাক–কাভার্ডভ্যান ও লরিতে ৯ হাজার ৫শ টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা এবং ১.৫ টনের অধিক নয় এমন ট্রাক–কাভার্ডভ্যান ও লরিতে ৪ হাজারের পরিবর্তে ৭ হাজার ৫শ টাকা এআইটি নির্ধারণ করা হয়েছে। নেতৃবৃন্দ অযৌক্তিক করহার বাতিল করে সকল গাড়ির আয়কর ১০ হাজার টাকা এবং ট্যাঙ টোকেন শতকরা ৫০ ভাগ কমানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তদবির করতে চেম্বার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক মো. জাহিদুল হাসান, আসাদ ইফতেখার, মোহাম্মদ শফিউল আলম বাদশা, আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহসভাপতি একেএম নবীউল হক সুমন ও আজহারুল হক আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মো. শামসুজ্জামান সুমন, ক্রীড়া সম্পাদক মো. নূরে আলম রনি, আইন ও বন্দর বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন বাবুল, কার্যকরী সদস্য মো. শাহাদাত হোসেন জুয়েল প্রমুখ।












