এবার মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নতুন এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোলের পাশাপাশি একটি গোলে সহায়তা করে ইন্টার মিয়ামিকে ৩–১ ব্যবধানের জয় এনে দিয়েছেন তিনি। একইসঙ্গে এমএলএসে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড় হয়েছেন মেসি। রোববারের ম্যাচে মেসির নৈপুণ্যে টানা তৃতীয় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫–এ, সঙ্গে রয়েছে ১৫টি অ্যাসিস্ট। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে হেরমান বেরতেরামের গোলে দ্বিতীয় অ্যাসিস্ট করেন। তাতেই লেখা হয় এমএলএসের ইতিহাসে নতুন অধ্যায়। দ্বিতীয়ার্ধে নিজের গোলের খাতা খোলেন মেসি। ৫৬ মিনিটে বক্সের মধ্যে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। চার মিনিট পর দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।












