হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে ইয়াছমিন আক্তার (৩৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালের দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইয়াছমিন আক্তার রাউজান উপজেলার পূর্ব রাউজানস্থ কাজীপাড়া এলাকার কবির আহম্মদের কন্যা এবং কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার প্রবাসী চিসতিয়াকের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার মাহবুব আলমের নিচতলার একটি কক্ষের ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন ইয়াছমিন আক্তার। তার স্বামী ছিলেন একজন প্রবাসী। স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা–কাটাকাটি, ঝগড়া–বিবাদ ও মনোমালিন্য হতো। হয়তো এ কারণেই অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার এসআই (নিঃ) মো.রিয়াজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে মরদেহটি বাসার জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। বর্তমানে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুর রহমান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।












