বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিৎ কুমার দে। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এবং চবি কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়।
এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য– ‘শিক্ষকদের পাশে : পেশা সুরক্ষা, এর মর্যাদা এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’–এর আলোকে প্রবন্ধ উপস্থাপন করেন বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সহ–সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন অধ্যক্ষ এম এম নূরুল হুদা, অধ্যক্ষ রফিক উদ্দিন আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আফসার, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, উপাধ্যক্ষ মো. দেলোয়ার মুন্সী, অধ্যাপক শীলা দাশগুপ্তা, অধ্যাপক বাসুদেব খন্দগীর, অধ্যাপক আনোয়ারুল করিম, অধ্যাপক সাইফুদ্দিন মো. মোরশেদ, অধ্যাপক মো. মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক। স্বাগত বক্তব্য দেন, অধ্যাপক অসীম চক্রবর্তী। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির জ্ঞানভিত্তিক ও মানবিক ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। অথচ শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।









