চুরি ঠেকাতে ফেরোসিমেন্ট ও ফাইবার কংক্রিটে মিডিয়ানের সুরক্ষা কাঠামো

শুরুতে আগ্রাবাদে এক কিমি সড়কে চসিকের পাইলট প্রকল্প নগরে ১০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:০৬ পূর্বাহ্ণ

নগরের বিভিন্ন সড়কের মিডিয়ান ও আইল্যান্ডে লাগানো গাছের সুরক্ষার জন্য স্থাপিত লোহার রেলিং চুরি হয়ে যাচ্ছে। একইসঙ্গে পথচারীদের অসচেতন চলাচল এবং কিছু অসাধু ব্যক্তির কারণে নষ্ট হয়েছে রোপণ করা অনেকগুলো গাছ।

এ অবস্থায় চুরি রোধে ফেরোসিমেন্ট ও ফাইবার কংক্রিট দিয়ে মিডিয়ান আইল্যান্ডের সুরক্ষা কাঠামো নির্মাণে পাইলট প্রকল্প নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শুরুতে আগ্রাবাদের এক কিলোমিটার সড়কে এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে সাফল্য এলে বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিডিয়ান আইল্যান্ডে একই প্রযুক্তি ব্যবহার করা হবে। গতকাল রোববার টাইগারপাসে চসিক কার্যালয়ে বৃষ্টিপরবর্তী সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও নগর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং করণীয় বিষয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় বৃষ্টিতে নগরের ক্ষতিগ্রস্ত সংস্কারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক টানা রেকর্ড বৃষ্টিতে নগরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করে নাগরিক দুর্ভোগ কমানোর নির্দেশ দেন প্রকৌশল বিভাগকে। এ সময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বিভিন্ন এলাকায় সড়কের ক্ষয়ক্ষতি এবং সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। তখন মেয়র বলেন, সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডে সড়ক নষ্ট হয়েছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করে নাগরিকদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সংস্কার কাজে বিলম্ব করা যাবে না। মেয়র বলেন, সড়ক সংস্কারের পাশাপাশি নগরের সৌন্দর্যবর্ধনেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমান গুরুত্ব দিচ্ছে। শহরকে আরো সবুজ ও পরিবেশবান্ধব করতে ১০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকর্মচারীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

এ সময় কয়েকজন কর্মকর্তা মিডিয়ান ও আইল্যান্ডে লাগানো গাছের সুরক্ষার জন্য স্থাপিত রেলিং চুরির বিষয়টি জানান মেয়রকে। একইসঙ্গে লোহার পরিবর্তে ফেরোসিমেন্ট অথবা ফাইবার কংক্রিট দিয়ে মিডিয়ান আইল্যান্ডের সুরক্ষা কাঠামো নির্মাণের প্রস্তাব দেন। এর প্রেক্ষিতে মেয়র বলেন, নগরের সৌন্দর্য রক্ষায় যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো টেকসই করতে হবে। এমন ব্যবস্থা নিতে হবে যাতে মিডিয়ান আইল্যান্ডের রেলিং সহজে চুরি করা না যায় এবং লাগানো গাছগুলো নিরাপদ থাকে। একইসঙ্গে মেয়র প্রধান প্রকৌশলীকে আগ্রাবাদ এলাকায় এক কিলোমিটার অংশে পাইলট প্রকল্প গ্রহণ করে ফেরোসিমেন্ট ও ফাইবার কংক্রিট দিলে কতটা সাশ্রয়ী, টেকসই ও কার্যকর হবে তা পরীক্ষানিরীক্ষার নির্দেশ দেন। সফল হলে পর্যায়ক্রমে বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত মিডিয়ান আইল্যান্ডে একই প্রযুক্তি ব্যবহার করে র‌্যালিং নির্মাণের নির্দেশনা দেন।

বৃষ্টির কারণে ব্যাহত হওয়া পরিচ্ছন্ন কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, বৃষ্টির পানির সঙ্গে পাহাড়ি মাটি, কাদা ও বিভিন্ন ধরনের বর্জ্য নগরের বিভিন্ন সড়কে জমে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এগুলো দ্রুত অপসারণ করে নগরী পরিচ্ছন্ন রাখতে হবে।

তখন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করতে নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত ডাস্টবিন স্থাপন প্রয়োজন। এর প্রেক্ষিতে মেয়র ৫ হাজার বড় এবং ৫ হাজার ছোট ডাস্টবিন সংগ্রহ করে পর্যায়ক্রমে নগরের বিভিন্ন এলাকায় স্থাপনের নির্দেশ দেন। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলভাবে কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি জোরদারের নির্দেশ দেন।

ডা. শাহাদাত বলেন, প্রতিটি বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন প্রতিদিনের কার্যক্রম শেষে ককশিট, পলিথিন, প্যাকেজিং সামগ্রীসহ বর্জ্য সড়ক, নালা বা খালে না ফেলে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।

পূর্ববর্তী নিবন্ধপাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে থাকবেন আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা যায় কিনা, আইন খতিয়ে দেখছেন মামদানি