চিঠিগুলো পুড়ছে

অমৃতা নন্দিনী | শুক্রবার , ২৭ জুন, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

পোস্টঅফিসে আগুন।

দাউ দাউ জ্বলছে

ঠিকানা না পাওয়া

হা–ঘরে চিঠিগুলো।

জ্বলছে, পুড়ছে

ছাই ছাই উড়ছে

জ্বলন্ত কেফিয়াহ–র মতো,

অক্ষর দল–

আগুনলাগা আলোকলতার

ছেঁড়া পত্র কুঁচির মতো…

ওদের গুমরে গুমরে ওঠা আর্তনাদ–

খুবলে খাচ্ছে মিসাইলের গরগরে রাগ,

বারুদের বজ্রগান,

কামানের অভিশাপ।

পোস্টঅফিসে…আগুন।

চিঠিগুলো জ্বলছে, পুড়ছে

ছাই ছাই উড়ছে

কেবল নিজের অন্তর–ঠিকানাকে

লতিয়ে

ভালবাসার অপরাধে…

পূর্ববর্তী নিবন্ধবিষণ্নকাল
পরবর্তী নিবন্ধঘনঘোর বারিষের দিনে