শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। আজ মঙ্গলবার সকাল ৮টায় কর্মবিরতে শেষ হবে। এর আগে গতকাল সোমবার বেলা ১১টা থেকে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ তিন দফা দাবিতে কর্মবিরতির ডাক দেয় সংগঠনটি। চমেকের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। বিক্ষোভ মিছিল শেষে চমেক হাসপাতালের পরিচালকের কাছে তারা স্মারকলিপি দেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে–হামলাকারীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করা এবং হাসপাতালে জনবল সংকট নিরসনের পাশাপাশি ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি বন্ধ করে কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা। বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের বক্তব্য রাখেন চমেক হাসপাতালের ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ও অর্থপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের আহ্বায়ক ডা. হাবিবুর রহমান সোহাগ, আইডিএ’র সাধারণ সম্পাদক ডা. লিখন, সহ–সাধারণ সম্পাদক ডা. ওমায়ের, সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন, ডা. ইনতিসার প্রমুখ। চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. সাকিব হাসান জানান, ২৪ ঘণ্টার কর্মবিরতি এটি মূলত আমাদের প্রাথমিক সতর্ক বার্তা। আমাদের দাবি মানা না হলে অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সংগঠনের সঙ্গে সমন্বয় করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।












