চবিতে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতার আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের স্মৃতিকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের উদ্যোগে ‘সমবেত কণ্ঠে জুলাইয়ের গান’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আর্জেন্টিনা–ইংল্যান্ডের বিশ্বকাপ ২০২৬–এর সেমিফাইনাল ম্যাচের বিরতিতে মোমবাতি প্রজ্বলন করে এই গানের আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নেন প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী–জনতা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহিদ সরওয়ার্দী, চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান বলেন, এই আয়োজনের মাধ্যমে জুলাই শহীদদেরকে আমরা স্মরণ করছি। সেইসঙ্গে, জুলাই গণ–অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীরা রণসঙ্গীত পরিবেশন করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এই রণসঙ্গীতের মধ্য দিয়ে আমাদের জাগ্রত বিবেককে আমরা আবারও শাণিত করেছি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ঐতিহাসিক জুলাই গণ–অভ্যুত্থানের মাস এটি। আর আজ জুলাই শহীদ দিবস। আজকের এই দিনে ছাত্র–জনতার আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের স্মৃতিকে ধারণ করে আমরা এই ব্যতিক্রমী আয়োজন পালন করেছি। আসুন, আমরা সবাই একসঙ্গে কণ্ঠ মিলিয়ে জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ করি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিই।

পূর্ববর্তী নিবন্ধজুলাই শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়
পরবর্তী নিবন্ধঅর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী