চন্দনাইশে বাস-টেক্সির সংঘর্ষে নিহত ২

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে চন্দনাইশ শাহ সুফী মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কক্সবাজারমুখী তিশা প্লাটিনা এসি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী সিএনজি টেক্সিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সিতে থাকা যাত্রী তোফায়েল মোরসালিন (২২), আব্দুল গফুর (৫৫), সানজিদা আক্তার সুমাইয়া (২১), মো. আরিফ (৪০) এবং টেক্সিচালক সাইমুন হোসেন (২০) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মোরসালিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবদুল গফুর।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত তিশা প্লাটিনা বাসটি জব্দ করা হয়েছে। তবে সিএনজি টেক্সিটি পাওয়া যায়নি। দুর্ঘটনায় বিজিসি ট্রাস্ট হাসপাতালে একজন এবং চমেক হাসপাতালে নেওয়ার পথে একজনসহ মোট দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই