চন্দনাইশে গরু লুটে বাধা দিতে গিয়ে গুলিতে নিহত চন্দন দে হত্যা মামলায় নাছির উদ্দীন নামে এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার কদ্দাছড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির ওই এলাকার মৃত অলি আহমেদের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া হিন্দু পাড়ায় একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা প্রথমে নিতু দে’র গোয়াল থেকে দুটি গরু একটি সাদা মাইক্রোবাসে তোলে। পরে চন্দন দে’র গোয়াল থেকে তিনটি গরু বের করার সময় তিনি টের পেয়ে বাধা দেন। এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চন্দন। স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতেরা দুটি গরু ফেলে একটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় চন্দন দে’কে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ডাকাত নাছির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং রোববার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি ডিবিসহ অন্যান্য সংস্থাও কাজ করছে।












