চন্দনাইশের কাঞ্চননগর পাহাড়ি এলাকায় কৃষিকাজে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণ হওয়া ২ কৃষক মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তারা মুক্তি পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে উপজেলার কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে কৃষিকাজে যান তিন কৃষক। এ সময় নিমঝিরি এলাকা থেকে মোহাম্মদ শাহজাহান (৪০), আজগর আলী (৪০) ও নুরুল আলমকে (৪৫) অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায় একটি পাহাড়ি সন্ত্রাসী দল। পরে মুক্তিপণের জন্য তাদের আটক করে ব্যাপক মারধর করে। এদিকে কৃষকদের অপহরণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওইদিন সকাল থেকেই স্থানীয় কয়েকশ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে উদ্ধার অভিযানে নামলে সন্ত্রাসীরা অপহৃত কৃষক নুরুল আলমকে আহত অবস্থায় ফেলে রেখে অপর ২ জনকে নিয়ে গহীন পাহাড়ে চলে যায়। এরপর সন্ত্রাসীরা অপহৃতদের মোবাইল ফোন থেকে তাদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত ২ কৃষক অবশেষে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি পায়। মুক্তিপণ দিয়ে মুক্তি পাওয়া ২ কৃষক সাংবাদিকদের বলেন, ঘটনার দিন সকালে তাদেরকে ৩ জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী নিমঝিরি এলাকা থেকে একটি পাহাড়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসার খবর পেয়ে আরো ২টি পাহাড় অতিক্রম করে অনেক উপরে নিয়ে যায়। ভুক্তভোগী কৃষক শাহজাহান জানান, তাদের উদ্ধারে এলাকাবাসী এগিয়ে আসার খবর তাৎক্ষণিক পাহাড়ি সন্ত্রাসীদের মোবাইলে পৌঁছে যায়। এরপর আটক কৃষকদের বন্দুক দিয়ে মারধর করে এবং মোবাইলে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে বিকাশে টাকা পাঠালে তারা মুক্তি পায়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম সিকদার বলেন, অপহৃত কৃষকরা চন্দনাইশের হলেও অপহরণের স্থান পটিয়া এলাকায় হওয়ায় বিষয়টি তারা দেখছেন।










