চট্টগ্রাম মাস্টার্স ক্রিকেটে রিলায়েন্স স্পোর্টস ও নাইনটিজ উইলোর জয়

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন (সিসিইউএসএ) আয়োজিত ইস্পাহানিমাস্টার্স টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে রিলায়েন্স স্পোর্টস ও নাইনটিজ উইলো। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রিলায়েন্স স্পোর্টস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবুল হাশেম রাজা ২৪ বলে ৫৫ রান, বেলাল হোসেন অপরাজিত ২২ ও ওয়াজি অপরাজিত ১৪ রান করেন। কুল ওয়ারিয়র্সের হয়ে হাসান নূর ও মুনতাসির রহমান দুটি করে উইকেট শিকার করেন। জবাবে কুল ওয়ারিয়র্স ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান তুলতে সক্ষম হয়। রেজাউল করিম ৪৮ ও হাসান নূর ২৯ রান করলেও দলের পরাজয় এড়াতে পারেননি। ফলে রিলায়েন্স স্পোর্টস ১৫ রানের জয় পায়। এ খেলায় আবুল হাশেম রাজা ম্যাচসেরা নির্বাচিত হন। দিনের দ্বিতীয় ম্যাচে সিটি কর্পোরেশন মাস্টার্স আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১০ রান সংগ্রহ করে। ইকবাল আহমেদ ৩৬, সাইফুদ্দিন টিটু ২২ ও কামাল হোসেন অপরাজিত ১৮ রান করেন। নাইনটিজ উইলোর হয়ে নিয়াজ উদ্দিন জকি দুটি উইকেট নেন। জবাবে নাইনটিজ উইলো ১৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রানের লক্ষ্যে পৌঁছে যায়। নিয়াজ উদ্দিন জকি ৩১ বলে অপরাজিত ৩২ রান করেন। এছাড়া লাবলু হোসেন ২৫ ও মাহমুদুল ইসলাম ১৭ রান যোগ করেন। সিটি কর্পোরেশন মাস্টার্সের পঙ্কজ কান্তি দে ও শোয়েবুর রহমান দুটি করে উইকেট নেন। এ খেলায় নিয়াজ উদ্দিন জকি ম্যাচসেরা নির্বাচিত হন।

ম্যাচসেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আইসিসি আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য জিএম হাসান ও আলী আকবর।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান উৎসব ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলা
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্টের উপ-কমিটি