চট্টগ্রাম বিমানবন্দরে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ফ্লাইট চলাচলে স্থবিরতা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, ইউএসবাংলা এয়ারলাইনসের দোহাগামী ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাট রুটের ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। গতকাল বেশ কিছু ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৫টি এরাইভাল ও ৪টি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএসবাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গতকালের ৭টি ফ্লাইটসহ এ বিমানবন্দর থেকে মোট ২০৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নির্মাণাধীন ভবনের লেবার শেডে শ্রমিকের ঝুলন্ত লাশ