চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২ এপ্রিল হচ্ছে না। আগামী ২১ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতেই ২ এপ্রিলের পরিবর্তে ২১ মে নির্বাচনের তারিখ নিধারণ করা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, সাধারণ আইনজীবীরা ১০১ টি দরখাস্ত দিয়ে তলবী সভা আহ্বান করেছিলেন। উক্ত সভায় আইনজীবীরা নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। উক্ত আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে, ২ এপ্রিলের স্থলে আগামী ২১ মে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, সমিতির নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ঘোষিত এ কমিশনে রওশন আরা বেগমকে মুখ্য নির্বাচনী কর্মকর্তা করা হয়েছে। এছাড়া মোহাম্মদ ফরিদুল আলম, মো. ইব্রাহীম, হোসাইন মোহাম্মদ আশরাফ উদ্দীন ও মো. সেলিম উদ্দিন (শাহীন) নির্বাচনী কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে।
সূত্র জানায়, আইনজীবী সমিতির গতবারের তথা ২০২৫ সালের নির্বাচনের তারিখও বেশ কয়েকবার পরিবর্তন হয়ে ১৬ এপ্রিল নির্বাচনের তারিখ হিসেবে চূড়ান্ত হয়। ১৬ এপ্রিলের উক্ত নির্বাচন উপলক্ষে বিএনপি–জামায়েতের ২১ জন প্রার্থী ২১ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেন। অন্য কোন প্রার্থী মনোনয়পত্র দাখিল না করায় উক্ত ২১ প্রার্থীকে কমিশন বৈধ ঘোষণা করে। পরে কোন আপত্তি না থাকায় তাদেরকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। পরবর্তীতে নির্বাচনের তিনদিন আগেই অর্থাৎ ১৩ এপ্রিল বিএনপি–জামায়েতের ২১ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে তৎকালিন নির্বাচন কমিশন। এতে সভাপতি নির্বাচিত হন আবদুস সাত্তার আর সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ হাসান আলী চৌধুরী।












