চট্টগ্রামে নতুন করে আরো ৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ২ হাজার ৪০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চলতি সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন। এছাড়া চলতি বছর মোট মৃত্যু হয়েছে ছয় জনের। তাদের মধ্যে তিন জন পুরুষ ও তিন জন নারী।
এর আগে গত আগস্টে মোট আক্রান্ত হয়েছিল ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জন এবং মৃত্যু হয় দুই জনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জনের এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ২৬৩ পুরুষ, ৬৬৭ জন মহিলা এবং ৪৭৩ জন শিশু রয়েছে। এদিকে গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬২ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন, সিএমএইচ হাসপাতালে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ জন।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন, এরমধ্যে মারা যায় ১০৭ জন। ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।












