মিয়ানমার থেকে বাংলাদেশে গোলা আসা বন্ধ না হলে বিষয়টি জাতিসংঘে তোলার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিয়ানমারে সংঘাতে গত কিছুদিন ধরে গোলা আসার ধারাবাহিকতায় শুক্রবার একজনের মৃত্যুর পর তার এই হুঁশিয়ারি এল। গতকাল ঢাকার ধানমণ্ডিতে আহসানিয়া মিশনের উদ্যোগে একটি বই প্রকাশনা উৎসবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, স্পষ্ট কথা, আমরা এটার শান্তিপূর্ণ সমাধান চাই। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে শান্তিপূর্ণভাবে সমাধান করতে। আমরা সেই চেষ্টাই করছি। আমাদের পক্ষ থেকে না হলে জাতিসংঘের কাছে তুলব, সবকিছু করব। খবর বিডিনিউজের।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সীমানায় এসে যে গোলাবারুদ পড়ছে, এটা নিয়ে খুব কড়া ভাষায় আমরা প্রতিবাদ করেছি। আমাদের বিজিবি ওদের বিজিপির সঙ্গে কথা হচ্ছে নিয়মিত, কথা হচ্ছে তাদের আর্মির সাথেও। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ডেকে পাঠিয়ে আমাদের অবস্থানের কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।
বাংলাদেশ সংঘাতে জড়াতে চায় না জানিয়ে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী কখনও যুদ্ধ চান না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সমাধান হোক। আমরা চাই তাদের যে অভ্যন্তরীণ সমস্যা তাদের সীমানার ভেতরেই থাকুক, তাদের ভেতরে যে তাদের ‘কনফ্লিক্ট’ সেগুলো তাদের ভেতরেই করতে হবে। আমরা মনে করি তারা তাদের ভুল বুঝতে পারবে, তারা ভবিষ্যতে সংযত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করছি আরাকান আর্মি বলে একটি বিদ্রোহী গোষ্ঠী সেখানে যুদ্ধ করছে। কখনও দেখি তাদের (মিয়ানমার) সঙ্গে ভালো ভাব, আবার কখনও দেখি তাদের সঙ্গে যুদ্ধ। ভেতরে কী রহস্য, সেটা তারাই জানে।
মিয়ানমারে সংঘাতের জেরে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর বোঝা বাংলাদেশকে টানতে হচ্ছে। নতুন করে রোহিঙ্গা আসার শঙ্কার বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গা যেন না আসে, সে ব্যাপারে বিজিবি, কোস্ট গার্ড কাজ করছে। তারপরেও দুই-একজন জীবনের ঝুঁকি নিয়ে আসছে। তাদেরকে আবার পুশব্যাক করে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।












