গবেষণা চর্চার মানোন্নয়নে পিসিআইইউর রিসার্চ টক

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির রিসার্চ সেলের উদ্যোগে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘পিসিআইইউ রিসার্চ টক’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে গবেষণার গুরুত্ব, মানোন্নয়ন এবং আন্তর্জাতিক প্রকাশনাসংক্রান্ত বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করতে মানসম্মত গবেষণার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গবেষণানির্ভর জ্ঞানচর্চার মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পরিমন্ডলে টেকসই অগ্রগতি ও স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়। কর্মশালাটি ৫ টি সেশনে বিভক্ত ছিল, যেখানে দেশিবিদেশি গবেষক ও একাডেমিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। ইউল্যাবের উপউপাচার্য প্রফেসর ড. জুড উইলিয়াম জেনিলো বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করতে মানসম্মত গবেষণার অপরিহার্যতার ওপর জোর দেন এবং গবেষণাকে একাডেমিক ব্র্যান্ডিংয়ের কেন্দ্রীয় উপাদান হিসেবে ব্যাখ্যা করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব নেদারল্যান্ডস ও রয়্যাল ইউনিভার্সিটি অব ভুটানের সঙ্গে সংশ্লিষ্ট প্রফেসর উইম লউয়ার্ট কৌতূহলকে একটি সুসংগঠিত ও গবেষণাযোগ্য বিষয়ে রূপান্তরের প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবং দেখান কীভাবে সঠিক বিষয় নির্বাচন একটি সফল গবেষণার ভিত্তি তৈরি করে। একই ধারায় পিসিআইইউর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার শীল গবেষণা প্রবন্ধের কাঠামো নির্মাণ,স্কোপাসে অন্তর্ভূক্তির প্রক্রিয়া এবং জার্নাল র‌্যাংকিং ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন, যা আন্তর্জাতিক মানের প্রকাশনায় গবেষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেটনের ড. শাহানুর আলম একটি শক্তিশালী গবেষণা নকশা প্রণয়নের কৌশল তুলে ধরে গবেষণার পদ্ধতি নির্বাচন, ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণের সুসংগঠিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সমাপনী আলোচনায় চুয়েট সিএসই বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ শামসুল আরেফিন গবেষণায় উদ্ভাবন ও নৈতিকতার প্রয়োজনীয়তা তুলে ধরে মানসম্মত গবেষণা চর্চার গুরুত্বের ওপর জোর দেন এবং টেকসই একাডেমিক উন্নয়নের লক্ষ্যে গবেষণায় সততা ও দায়িত্বশীলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থপন করেন। রিসার্চ সেলের পরিচালক এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড.ইঞ্জিনিয়ার দাহির আল ইসলামের সভাপতিত্বে এবং পুরকৌশল বিভাগের প্রভাষক জুশান আব্দুল্লাহর সঞ্চালনায় কর্মশালাটি সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকদের পাঠদানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে
পরবর্তী নিবন্ধসিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প