খেলনা ঘোষণায় আমদানি কোটি টাকার ড্রোন

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

রিচার্জেবল রিমোট কন্ট্রোল (আরআরসি) খেলনা ঘোষণায় আমদানি করা প্রায় ১ কোটি টাকা মূল্যের ১৯৯০ পিস অবৈধ ড্রোন জব্দ করেছে ঢাকা আইসিডি কাস্টম হাউস। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ এ পণ্যচালানটি প্রতিহত করা হয়। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান ‘মিম কালেকশন’ (চকবাজার, ঢাকা) খেলনা আমদানির ঘোষণা দিয়ে একটি পণ্যচালান নিয়ে আসে (বিল অব এন্ট্রি নম্বর–১২৩৬৭, তারিখ: ২৭/০৯/২০২৬)। তবে কাস্টম হাউস আইসিডি কমলাপুরের কমিশনারের কাছে পূর্বেই গোপন সংবাদ থাকায় গত ২৯ সেপ্টেম্বর চালানটির কায়িক পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় খেলনার আড়ালে ৬৫৮ কেজি ওজনের ১৯৯০ পিস ড্রোন শনাক্ত ও জব্দ করা হয়। খবর বাংলানিউজের।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, জব্দকৃত ড্রোনের সঙ্গে জড়িত উপযুক্ত রাজস্ব এবং প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। আটক করা ড্রোনগুলোর উড্ডয়নসীমা ও সংশ্লিষ্ট দলিলাদি যাচাই–বাছাই সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আইসিডি কাস্টম হাউসের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নির্দেশনা অনুযায়ী আমদানি নীতি পরিপন্থী কর্মকাণ্ড এবং রাজস্ব ফাঁকি রোধে ঢাকা আইসিডি কাস্টম হাউস জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অবৈধ ও নিয়ন্ত্রিত পণ্যের প্রবেশ ঠেকাতে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত
পরবর্তী নিবন্ধমরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস রফা