খুলশী থানার ওসি ও দুই এসআইসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগে নগরীর খুলশী থানার ওসি ও দুই এসআইসহ মোট ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এক ব্যক্তি। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মো. জাবেদ (৬৬) নামের ওই ব্যক্তি নালিশী মামলাটি করেন। তিনি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরীর বহিষ্কৃত যুগ্ম আহবায়ক ওয়াকিল হোসেন প্রকাশ বিহারী বগার পিতা। অভিযুক্তরা হলেন, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম, এসআই (নিরস্ত্র) মো. শাহ পরান, এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন, জালালাবাদ এলাকার বাসিন্দা মেম্বার বাবু প্রকাশ যুবলীগ বাবু, পাহাড়তলী কলেজ এলাকার বাসিন্দা মিজানুর রহমান, পশ্চিম খুলশীর আমান উল্লাহ আমান, নাসিরাবাদ হাউজিং সোসাইটির আরিফ প্রকাশ ভুয়া সাংবাদিক আরিফ ও একই এলাকার আসাদ উল্লাহ। মামলার আরজিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ভোরে বেআইনিভাবে বাদীর ঘরে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট, মারধর এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এ ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বাদীর আইনজীবী এস এম মইনুল ইসলাম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইড) নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট নগরীর পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়। মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে আসামি করা হয়। মামলা হওয়ার পর গত ৪ সেপ্টেম্বর ভোররাত সাড়ে চারটার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর হামলা করা হয়। পরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপরকীয়ায় বাধা দেয়ায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ, স্বামী আটক