বগাকাণ্ডে দায়িত্ব নেয়ার এক মাস ১০ দিনের মাথায় খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে বদলি করে পুনরায় সিটি এসবিতে পদায়ন করা হয়েছে। একইসাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
আদেশ সূত্রে জানা গেছে, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে খুলশী থানার ওসি করা হয়েছে। খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে বদলি করা হয় সিটিএসবিতে।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে দায়িত্ব নেওয়ার মাত্র ১ মাস ১০ দিনের মাথায় বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা–সমালোচনায় জড়িয়ে পড়েন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে গত মঙ্গলবার রাতে সন্ত্রাসী বগাকে গ্রেপ্তার অভিযান নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর ওসি আবদুর রহিমকে বদলি করা হয় বলে সূত্র জানিয়েছে।












