খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে ৩ শ্রমিকের কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে তিন শ্রমিককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রোয়াসাইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টরও জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা ওই পাহাড়ের মাটি কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সদর জোনের জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় রোয়াসাইপাড়া এলাকায় একদল ব্যক্তিকে পাহাড় কাটতে দেখেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে বিষয়টি প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, পাহাড় কাটার দায়ে ওই তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

ইউএনও ফারিয়া সুলতানা বলেন, পাহাড় কাটার অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। মূল অভিযুক্ত পাহাড়ের মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁও সড়কে ইউপি সদস্য রুস্তম আলী অপহরণ
পরবর্তী নিবন্ধউপজেলায় উন্নত আসবাবে সজ্জিত বসার কক্ষ পাচ্ছেন এমপিরা