খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক এর সদস্য মো. ইমন হোসেন (২৫)কে গুলি করে হত্যা করছে দুর্বত্তরা। গতকাল বৃহস্পতিরার ভোর ৬টার দিকে ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন পানছড়ি মোহাম্মদপুর রুহুল আমিনের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সে ভোরে ঘরের সামনে হাটাহাটি করার সময় দুর্বৃত্তরা এসে গুলি করে চলে যায়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, নিহত মো. ইমন হোসেন আমাদের দলের সহযোগী সদস্য। গতকাল রাতে সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যায়। সকালে বের হলে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসিত) কে দায়ী করেছেন। তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোন বক্তব্য পাওয়া যায়নি। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমাকে ফোন করলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, নিহত ইমন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ ময়না তদন্ত করার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।














