সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতার হোসেনের বসত ঘরে গুলি ছোড়ার ঘটনার মামলায় ৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সব আসামি গতকাল রবিবার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
জানা যায়, খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জসীম উদ্দিন ও তার কর্মী-সমর্থকরা গত ২৭ জানুয়ারি মিছিল নিয়ে যাওয়ার সময় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ আখতার হোসেনের বসত ঘরে গুলি ছুড়ে। পরে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে সেখান থেকে চলে আসার সময় তারা ভোর বাজার এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করে ও পুনরায় গুলি ছুড়ে। এ ঘটনায় ২৯ জানুয়ারি চেয়ারম্যান মোঃ আখতার হোসেন বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে, ওই মামলার নয় আসামি গতকাল চট্টগ্রাম চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। তখন আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আসামিরা হলেন, খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া ভুজার পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ নাছির উদ্দিন প্রকাশ ডাকাত নাছির (৩৬), পূর্ব রসুলপুর এলাকার মৃত দুলা মিয়ার পুত্র মোঃ আইয়ুব (৪৫), মহাজন পাড়ার মৃত কবির আহমদের পুত্র নুর মোহাম্মদ (৩৫), নতুন চর খাগরিয়ার মৃত সুলতান আহমদের পুত্র কালা মিয়া (৪০), মজিদের পাড়ার মৃত ছিদ্দিক আহমদ প্রকাশ কাদেরের পুত্র মোঃ নাছির উদ্দিন (৩৪), একই এলাকার আবদুল মোতালেবের পুত্র মোঃ ইউসুফ (২৫), মাওলানা মফিজুর রহমানের পুত্র মোঃ জোবাইর (২৮), মৃত কবির আহমদের পুত্র মাহাবুবুর রহমান (৪২) ও খাগরিয়া পশ্চিম পাড়ার আবদুল গফুরের পুত্র নাছির উদ্দিন (৩০)












