আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি)তে ক্যান্সার, ডেটা, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, টেকনোলজি, এথিঙ অ্যান্ড ফিউচার অব গ্লোবাল হেলথ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের ডানা–ফারবার ইনস্টিটিউটের ক্যানসার ডেটা ও কম্পিউটেশনাল গবেষক আহমেদ সাজিদান জারজিস রাফসান।
প্রধান অতিথি বলেন, ক্যান্সার মানব ইতিহাসের অন্যতম মারাত্মক ও জটিল দুরারোগ্য ব্যাধি। চিকিৎসার আধুনিক অগ্রগতি সত্ত্বেও এই রোগের জটিলতা ও চিকিৎসাসংক্রান্ত চ্যালেঞ্জ আজও মানুষকে গভীরভাবে ভাবিয়ে তোলে। ক্যান্সারের চিকিৎসার সফলতা মূলত নির্ভর করে এটি কোন ধাপে শনাক্ত হচ্ছে তার ওপর। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলার যথেষ্ট সুযোগ থাকে। আহমেদ সাজিদান জারজিস রাফসান ক্যান্সার গবেষণায় ডেটা ও কম্পিউটেশনাল প্রযুক্তির ব্যবহার, মানবিক সংকটের প্রভাব, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এ সময় তিনি ক্যান্সার গবেষণা ও চিকিৎসায় তথ্যনির্ভর প্রযুক্তির সম্ভাবনা এবং ভবিষ্যৎ বৈশ্বিক স্বাস্থ্যচ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃবিষয়ক গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো. রাজু আহমেদ। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।








