নগরের পতেঙ্গায় সন্দেহজনক ১টি কার্গো বোট তল্লাশি করে শুল্ককর ফাঁকি দিয়ে আনা ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট আটক করেছে কোস্টগার্ড। এসময় একই বোটে থাকা ১ হাজার ৫০ কেজি শুঁটকিও পাওয়া যায়। পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ২ জন পাচারকারীকেও আটক করা হয়েছে।
গত রোববার বেলা ২টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন কর্ণফুলী নদী দিয়ে শুল্ক–কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ চট্টগ্রামে ঢুকার অপেক্ষায় থাকা বোটটি অভিযান চালিয়ে আটক করা হয়।
গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ক–কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রামে ঢুকবে; এ তথ্যের ভিত্তিতে গত রোববার বেলা ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিগারেট, শুঁটকি, বোটসহ ২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা আলামত ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হন্তান্তর করা হয়। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।












