বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকেলে শহরের আগ্রাবাদে নগর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আনন্দ মিছিলটি আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ার থেকে শুরু হয়ে আগ্রাবাদ বাদামতল মোড় ঘুরে ছোটপুল গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মহানগর যুবদলের সিনিয়র সহ–সভাপতি ইকবাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় যুবদলের মুন্না–নয়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে আমরা মাঠে থাকব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল আগের চেয়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
মিছিল ও সমাবেশে জেলা যুবদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা আরো বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল দেশজুড়ে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।










