কুতুবদিয়ায় বোটডুবিতে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ১২:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাগরে বোট ডুবিতে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন, কুতুবদিয়ার বড়ঘোপের অমজাখালীর জশির আলমের পুত্র বোটের মাঝি এহেছান ও আলী আকবর ডেইলের বাসিন্দা লেড়ু। এছাড়া নিখোঁজ রয়েছে অমজাখালী মাহামুল করিমের পুত্র কিশোর ফয়সাল।

৮ জানুয়ারি সাগরের বোট ডুবিতে নিখোঁজের পর আজ ৯ জানুয়ারি ভোররাতে তাদের দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে কিশোর জেলে ফয়সাল। সেও মারা গেছে বলে ধারণা সবার।

বোটের মালিক বড়ঘোপ ইউনিয়নের অমজাখালির বাসিন্দা মোঃ কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ফিশিং বোটটি মাছ ধরতে যায়। ৮ জানুয়ারি রাতে মাছ ধরতে জাল ফেলানো হয়। এসময় নোঙরের সাথে আটকে বোটটি ডুবে যায়। বোটে থাকা ৮ জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলে নিখোঁজ হন তিনজন।

তিনজনের মধ্যে দুই জনের মৃতদেহ তল্লাশি করে ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ একজন। তাকে খোঁজার জন্য তল্লাশী চলছে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, বোট নিখোঁজ ও দুইজনের মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ‎মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
পরবর্তী নিবন্ধনাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ টেকনাফের জেলে