বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত ১ম আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে সভাপতিত্ব করবেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রন্জু। চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। জ্ঞান ও যুক্তিভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের খ্যাতনামা ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্বে পৌঁছাতে সেমিফাইনালসহ পাঁচটি ধাপ পেরুতে হয়েছে দল দুটোকে। ইতোপূর্বে বাংলাদেশ টেলিভিশন আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা, আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা এবং ১০৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে এই প্রতিযোগিতা সপ্তাহের তিনদিন শুক্র, শনি ও রবিবার বিকেল ৫টায় প্রচারিত হয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।













