কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে অভিযান চালিয়ে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চরপাথরঘাটা ইউনিয়নের বাদামতল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুই সহোদর হলেন স্থানীয় আবদুল গণির ছেলে জহুর আহমদ (২৯) ও দোস্ত আহমদ (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পশ্চিম বিভাগের পরিদর্শক মো. মনির হোসেন আজাদীকে বলেন, জহুর আহমদ ও দোস্ত আহমদ দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মদ বিক্রিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।













