সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা এবং সৈয়দ অমির কণ্ঠে এল নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা এমন কথায় গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটি সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে। খবর বিডিনিউজের।
গানটি নিয়ে স্নেহাশীষ বলেন, অমি ভাই আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ড্যান্স বিটের একটা গান করার। সেই কথা মাথায় রেখেই গানটি লেখা। এরপর বেশ সময় নিয়ে গানটির ভয়েস রেকর্ডিং, মিক্স মাস্টারিং করেছেন। লন্ডনে গিয়ে শুটিং করেছেন। সব মিলিয়ে একটি ধামাকা গান উপহার দেওয়ার সব রকমের চেষ্টা আছে এই গানে। গানের সুর করেছেন অমি। সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে লন্ডনে। ক্যামেরায় ছিলেন আশিক মাহমুদ। প্রযোজনার পাশাপাশি গানটির ভিডিওর নির্দেশনাও দিয়েছেন অমি। গানটি নিয়ে অমি বলেন, আমার অন্য গানগুলোর মত এই গানও শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস। ঈদ উৎসবকে মাথায় রেখেই ড্যান্স বিটে করা হয়েছে গানটি। রেকর্ডিং করেছিলাম প্রায় তিন মাস আগে। লন্ডনের বিখ্যাত কিছু লোকেশনে শুটিং করেছি। বড় আয়োজনে তৈরি হয়েছে আমপাতা জোড়া জোড়া গানটি।











