কক্সবাজারেও জয় পেলো মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

এম এ আজিজ স্টেডিয়াম থেকে কঙবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগ। মাঠ পরিবর্তন হয়েছে বটে তবে পরিবর্তন হয়নি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল এর জয়ের ধারা। গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা ৪ উইকেটে উড়িয়ে দেয় ইস্পাহানি স্পোর্টিং ক্লাবকে। এ জয়ে তিন ম্যাচের তিনটিতেই টানা জয় পেলো মুক্তিযোদ্ধা। আগের দুটি খেলায় মুক্তিযোদ্ধা ফ্রেন্ডস ক্লাব এবং সিটি কর্পোরেশন একাদশকে হারিয়েছিল। অন্যদিকে ইস্পাহানি স্পোর্টিং তাদের তিনটি খেলার তিনটিতেই হার মেনেছে। গতকাল কক্সবাজারে অনুষ্ঠিত খেলায় টসে জিতে মুক্তিযোদ্ধা প্রথমে ব্যাট করতে পাঠায় ইস্পাহানিকে। নির্ধারিত ৫০ ওভার খেলে ইস্পাহানি ৯ উইকেটে ২০০ রান জমা করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে রনি বেপারির ব্যাট থেকে। ১০৬ বল খেলে ৯টি চার এবং ১টি ছক্কার সাহায্যে তিনি ৭১ রানে অপরাজিত থাকেন। মূলত তার ব্যাটে ভর করেই ইস্পাহানির দুশো রানে আসা। তার সাথে ওপেনার শাহ পরান সোহেল ৩৮ বলে ৩৮ রান যোগ করেন। এছাড়া কামরান হাফিজ ২৩, তানজিম নাবিল ১৪ এবং সাইদুল ইসলাম তুহিন ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান। মুক্তিযোদ্ধার পক্ষে মুরসেলিন মুরাদ সবচেয়ে সফল বোলার ছিলেন। তিনি ২৭ রানে ৪টি উইকেট তুলে নিয়ে ইস্পাহানির ব্যাটিং লাইনকে খুব বেশি সুবিধা করতে দেননি। এছাড়া ১টি করে উইকেট পান রতন দাশ, ইনজামাম উল হক, জুলহাস সাগর এবং জাকারিয়া মাসুদ।

জয়ের লক্ষ্য ২০১ রানে খেলতে নেমে মুক্তিযোদ্ধা ৪৮.৪ ওভারেই তা তুলে নেয়। তাদের হারাতে হয় ৬টি উইকেট। শুরুতেই ওপেনার সাফায়েত ইফতির উইকেট হারালেও মুক্তিযোদ্ধার পরের ব্যাটাররা দৃঢ়তার পরিচয় দেন। তারা খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। মোহাইমিনুল খান সর্বোচ্চ ৬৪ রানে অপরাজিত থাকেন ২টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়ে। অধিনায়ক ইমরুল করিম ৪৩, ইনজামাম উল হক ২৩, মাসুদ মেহেদি ২২, জাকারিয়া মাসুদ ১৮ এবং আল আমিন হোসেন ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের পক্ষে সাইদুল ইসলাম তুহিন ২৮ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান শাহিদ আবদুল্লাহ এবং সুদীপ্ত দেব।

কক্সবাজারে আজকের খেলায় অংশ নেবে ব্রাদার্স ইউনিয়ন এবং শহীদ শাহজাহান সংঘ।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.২০ কোটি টাকা