ওজনে কারচুপি ও মাদক সেবনের দায়ে ৪ জনকে জেল-জরিমানা

বোয়ালখালীতে পৃথক অভিযান

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে পৃথক অভিযানে ওজনে কারচুপি ও মাদক সেবনের দায়ে চারজনকে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার চূড়াখালী ও শাকপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।অভিযান সূত্রে জানা গেছে, বাজার মনিটরিংকালে উপজেলার চূড়াখালী ব্রিজ এলাকার একটি মুদিদোকানে ভোজ্যতেলের বোতলে ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। ওই দোকানে বোতলজাত ভোজ্যতেলের পরিমাপ ৯০০ মিলি লেবেল করা থাকলেও বাস্তবে প্রায় ৭০০ মিলি করে বিক্রি করা হচ্ছিল। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর ৪৬ ধারায় একটি মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, শাকপুরা ইউনিয়নের ননাইয়ারমার ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। অসংলগ্ন আচরণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা করে জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ট্রাক উল্টে চালক নিহত
পরবর্তী নিবন্ধআসকারদীঘির পাড় আজাদ জামে মসজিদের খতমে তারাবির আখেরী মুনাজাত আজ