এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন, ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ। চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ৫৬ হাজার ৩৫১ জন ছাত্র এবং ৭৪ হাজার ৩৭৩ জন ছাত্রী। মোট ২১৮টি পরীক্ষা কেন্দ্রে চলতি বছরের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৯৯১ জন, মানবিক বিভাগ থেকে ৪৩ হাজার ৯৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৭৫০ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এদিকে পরীক্ষা কেন্দ্রগুলোকে ঘিরে নগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কঙবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে চট্টগ্রাম মহানগরসহ জেলার পরীক্ষার্থী ৯২ হাজার ৩৩৮ জন, কক্সবাজারের ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটি জেলার ৭ হাজার ৪১৭ জন, খাগড়াছড়ি জেলার ৮ হাজার ৭১ জন এবং বান্দরবান জেলার ৩ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এবার ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ ভিজিল্যান্স এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও বোর্ডের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

অপরদিকে নগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী

জানিয়েছেন, এসএসসি ও সমমান (ভোকেশনাল) পরীক্ষা উপলক্ষে নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ লক্ষ্যে সিএমপি সদর দপ্তর থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লাঠিসোটা, ইটপাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া উক্ত এলাকায় সভাসমাবেশ, মিছিল, স্লোগান, গানবাজনা, মাইক বা লাউডস্পিকার ব্যবহারসহ যে কোনো শব্দদূষণমূলক কার্যক্রমও নিষিদ্ধ থাকবে। ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে এবং অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার দিনসমূহে সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণ সামগ্রী আসছে, অর্থছাড় না হওয়ায় খালাসে বিলম্বের শঙ্কা
পরবর্তী নিবন্ধকাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ