এসএসসি পরীক্ষায় ফেল করায় নগরে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব বাকলিয়ার একটি স্কুলের শিক্ষার্থী নিহাল বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। গত সোমবার প্রকাশিত ফলাফলে পাঁচ বিষয়ে ফেল করে সে।
পুলিশ জানায়, পরীক্ষায় ফেলা করায় সে হতাশাগ্রস্ত ছিল। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, ধারণা করা হচ্ছে, পরীক্ষার ফল খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












