এএফসি নারী এশিয়ান কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চীন। ‘বি’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ৩–০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুক্রবার সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চীন। একের পর এক আক্রমণ তৈরি করলেও প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন শাও জিকিন। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে উজবেকিস্তান। তবে চীনের শক্ত রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় বারবারই ব্যর্থ হয় তারা। বিরতির পর ব্যবধান আরও বাড়ায় চীন।
৫১ মিনিটে দ্বিতীয় গোল করেন লি কিংটং। ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে চীন। এর আগে প্রথম ম্যাচে তারা বাংলাদেশকে ২–০ গোলে হারিয়েছিল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৩–০ গোলে হারের পর উজবেকিস্তানও দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল। একই গ্রুপে বাংলাদেশও প্রথম দুই ম্যাচে চীন ও উত্তর কোরিয়ার কাছে যথাক্রমে ২–০ ও ৫–০ গোলে হেরেছে। দুই ম্যাচে সমান ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চীন ও উত্তর কোরিয়া।
পয়েন্ট না পেলেও গোল ব্যবধানে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে উজবেকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী সোমবার পার্থে মুখোমুখি হবে বাংলাদেশ ও উজবেকিস্তান। সেই ম্যাচে জয়ী দল সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে যাওয়ার সুযোগ পেতে পারে।
এদিকে ‘এ’ গ্রুপ থেকে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে। ওই গ্রুপে ফিলিপাইন ও ইরান এখনো কোনো জয় পায়নি। অন্যদিকে ‘সি’ গ্রুপে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচ ড্র হয়নি। গ্রুপ পর্ব শেষে তিন গ্রুপের মধ্যে সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তাই শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের সামনে এখনো পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকছে।











