পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন: কনটেম্পোরারি গ্লোবাল পাসপেক্টটিভস’ শীর্ষক এ সম্মেলন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সম্মেলনের লক্ষ্য ও আয়োজনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সম্মেলনে কী–নোট স্পিকার হিসেবে অংশ নেবেন মালদ্বীপের ড. আবদুল্লাহ রশিদ, ইন্দোনেশিয়ার ড. নিগুস্তি আয়ু কেতুত কুর্নিয়াসারি, ভিয়েতনামের ড. দাও কাম থুই, চীনের অধ্যাপক ড. জুন শু, পাকিস্তানের ড. খালিদা আলী এবং চবির সাবেক উপ–উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, সম্মেলনে মোট ৩০১টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়ার পর পর্যালোচনার মাধ্যমে ২৮৫টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, তুরস্ক, নাইজেরিয়া ও ভারতসহ সাত দেশের বিশ্ববিদ্যালয় থেকে ১১টি গবেষণাপত্র এসেছে। এছাড়া বাংলাদেশের ৫৩টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও এতে অংশ নিচ্ছেন।
গবেষণাকে উৎসাহিত করতে সম্মেলনে বেস্ট পেপার অ্যাওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ফ্যাকাল্টি থেকে তিনটি করে বেস্ট পেপার অ্যাওয়ার্ড এবং নির্বাচিত পেপারগুলোর মধ্য থেকে একটি আউটস্ট্যান্ডিং পেপার অ্যাওয়ার্ড দেওয়া হবে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, কনফারেন্স কো–কনভেনর ড. খন্দকার দাহির ইসলাম, কনফারেন্স সেক্রেটারি দীপক কুমার চৌধুরী, প্রক্টর মো. রাশেদ খান মিলন, অধ্যাপক দিলরুবা আক্তার, অধ্যাপক ফারজিনা আক্তার, এবাদত হোসেন, প্রভাষক পিংকি চাকমা, গিয়াস উদ্দিন রিয়াদ, রাজু চক্রবর্তী, ওয়াহিদুল হোসেন জিহান ও বাবলু হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












