উখিয়ায় দুই ভুয়া র‌্যাব সদস্যা ধরা

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৭:১০ পূর্বাহ্ণ

উখিয়ায় আসল র‌্যাবের হাতে দুই ভুয়া র‌্যাব সদস্য আটক হয়েছে। তারা কয়েকটি গ্রাম্য দোকানে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদাদাবি করার সময় কক্সবাজার-১৫ র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। গতকাল সোমবার রাত ১০টার দিকে র‌্যাবের প্রেরিত এক বার্তায় এ খবর জানানো হয়। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন বলেন, সোমবার সকাল ১১টার পরে র‌্যাব পরিচয়ে দুইজন উখিয়ার রাজাপালং ইউপিস্থ হাজেমপাড়া এলাকার বিভিন্ন দোকানে চাঁদা দাবি করছে এমন সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর এক আভিযানিক দল বর্ণিত স্থান হতে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজন ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তিরা হচ্ছে, বান্দরবানের লামার রুপসী পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. ফয়েজ উদ্দিন (১৯) ও নরসিংদীর মাধবদী পৌর এলাকার আলগী কান্দাপাড়ার মো. আবদুল জলিলের ছেলে মো. আল আমিন (৩৩)। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা বেশ কিছুদিন ধরে স্থানীয়ভাবে বাসাভাড়া নিয়ে র‌্যাব পরিচয় দিয়ে বিভিন্ন দোকানে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তাদের ভাড়া বাসায় তল্লাশি করে ২টি ভুয়া র‌্যাব জ্যাকেট, ১টি পিস্তলের কভার, ১টি রিভলবার সদৃশ লাইটার, ১টি স্টিলের ছোরা এবং তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজিকৃত ২১ শত টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার রাজানগরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন