ঈদুল আযহার সরকারি ছুটি শুরু আজ

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আজ থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ফলে, গতকাল অফিস শেষ করেই ঈদের ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন লাখো চাকরিজীবী। এ বছর আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। খবর বাসসের।

এদিকে ঈদযাত্রা যেন সাধারণ মানুষের জন্য নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়, সেজন্য আগেভাগেই ছুটির বিষয়টি ঢেলে সাজিয়েছে সরকার। পূর্ব নির্ধারিত ছুটির সঙ্গে মন্ত্রিসভার বিশেষ সিদ্ধান্তে আরো একদিন যুক্ত করায় এবার মোট সাত দিনের লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মূলত ২৮ মে ঈদের মূল ছুটির সঙ্গে আগের ও পরের নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর আগে, ঈদযাত্রা সহজ করতে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে ঈদের ছুটিতেও দেশের সব হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। ফলে, এ সেবায় যুক্ত কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীদের সবাই ছুটির সুযোগ পাবেন না। এ ছাড়াও এই দীর্ঘ ছুটির মধ্যেও জনগণের ভোগান্তি কমাতে জরুরি সেবা খাতগুলোকে সচল রাখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধহজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ