তুরস্ক জানিয়েছে, নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) জঙ্গিরা অপহৃত ১৩ তুর্কির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। উত্তর ইরাকের একটি গুহায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে রোববার জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা। যাদের দণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে সৈন্য ও পুলিশ সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছেন তারা। পিকেকের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চলার মধ্যেই এ ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের। ১০ ফেব্রুয়ারি ইরাকের উত্তরাঞ্চলীয় গারা অঞ্চলে পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। অঞ্চলটি তুরস্কের সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে। নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখতে ও পূর্ববর্তী বিভিন্ন সময়ে অপহৃত নাগরিকদের উদ্ধার করতে অভিযানটি শুরু করা হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এক বিবৃতিতে জানিয়েছেন।












