ইপিজেডে ২ লাখ টাকার জ্বালানি তেল ও লুব অয়েল জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট এলাকায় অবৈধভাবে মজুত করা দুই লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুব অয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। গতকাল সোমবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, জব্দকৃত তেল ওই এলাকায় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। এর মধ্যে ১ হাজার ২০০ লিটার ডিজেল এবং ২০০ লিটার লুবঅয়েল রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৮ হাজার টাকা।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত তেল ও লুবঅয়েলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান ও অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

পূর্ববর্তী নিবন্ধসীমান্ত পথ দখলে জোর লড়াইয়ে মিয়ানমারের সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধহালদার মাছের দেহে প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা শনাক্ত