আমি কে? স্বাধীনতা;
তোমার বোনের আজন্ম চোখের জল
চৈত্রের কড়া দুপুরে উদাসী বৈষ্ণবীর গান।
আমি কে? স্বাধীনতা;
দক্ষিণ পাড়ার জেলে ছন্নছাড়া জীবনের খেয়া ঘাটের গল্প
নাকি ভোরের আলোয় পূজারী হাতে মগ্ন ফুলের ডালা।
আমি কে? স্বাধীনতা;
এঁকে বেঁকে চলা সবুজের মেঠোপথ
কাজলা দিদির শূন্যতা
নাকি কুয়াশার চাদরে ঢাকা পদ্ম পাতার জল।
আমি কে? স্বাধীনতা;
আকুতি ভরা আর্ত চিৎকার
দুহাতে বসন্ত দাও পুলকিত করো
মুছে দাও গ্লানি ভুলে বর্বরতা।
আমি কি আজো পিছু হেঁটে হেঁটে যাবো
তোমার আজন্ম চোখের জলে
নিঃশ্বাসে শোক ছড়িয়ে
তবে আমি কে? স্বাধীনতা।






